তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নিউমার্কেটে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসা হবে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিউমার্কেটের সংঘর্ষে ১১ সাংবাদিক আহত হয়েছেন এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ঘটনা কারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করা হচ্ছে। এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। যারা নিউজ কাভার করতে গেলেন তাদের কি ছাত্ররা আক্রমণ করেছে, নাকি ব্যবসায়ীরা সেটা খুঁজে বের করে বিচার করা হবে।
এদিন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাস মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কবে থেকে উঠিয়ে নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, র্যাবের কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা তারা দিয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে।
নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছি। সেটাও একটি প্রসেসের মাধ্যমে হতে হবে। একটু দীর্ঘ হবে, রাষ্ট্রদূত এটাই বলেছেন।